রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা : মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের পূর্ব স্বরমঙ্গল এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঔষধ ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। গত ১৯ মে মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী রাজৈরের টেকেরহাট শাখা অফিস প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পে চক্ষু, গাইনি, মেডিসিন, চর্ম ও যৌন, বাত ব্যথা এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা দেন। পাশাপাশি বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষু রোগীদের পাওয়ার চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এই প্রোগ্রামের ম্যানেজার জাহাঙ্গীর আলম ও শাখা ব্যবস্থাপক মোঃ ইব্রাহিম ও হিসাব রক্ষক সোহাগ হোসেন। এ সময় চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসক ডাঃ মনোজ সিনহা, ডাঃ মৌসুমী কবির, ডাঃ বৃষ্টি ইসলাম, ডাঃ সানোয়ার হোসেন, ডঃ মোঃ রায়হানুল হক, ডাঃ মোঃ বাপ্পি ইসলাম, ডাঃ মোঃ মেরাজ হোসেন, ডাঃ নাজমুল ইসলাম, ডাঃ রাসেল রানা ও ডাঃ আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) ম্যানেজার মোঃ ইব্রাহিম বলেন, স্বাস্থ্য সেবা কর্মসূচির আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা পল্লী মঙ্গল কর্মসূচির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।