সাভার সংবাদদাতা: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভার অনুমোদিত একমাত্র কুরবানির পশুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সাভার পৌর এলাকার রেডিও কলোনির মাঠে আয়োজিত অনুষ্ঠানের ফিতা কেটে হাটের উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরমান আলী।
এছাড়া হাটের ইজারাদার দেলোয়ার হোসেন মাদবর, হাট পরিচালনাকারী আলমগীর হোসেন মোল্লা, রাশেদুজ্জামান বাচ্চু, অলোকুর রহমান, আতিকুর রহমান রাজু ও কমল চন্দ্রসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন।
হাট কর্তৃপক্ষ জানায়, হাটে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, জাল টাকা শনাক্তকরণ মেশিন, কন্ট্রোল রুম ও মেডিক্যাল টিমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়া হাটে ক্রেতা ও বিক্রেতাদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।