গাজীপুরের কালীগঞ্জে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত এক খামারির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত খামারি মো. অহিদুল আলমের হাতে একটি দুধওয়ালা গাভী তুলে দেওয়া হয়েছে।
গতকাল বুধবার কালীগঞ্জ উপজেলার নরুন গ্রামে আনুষ্ঠানিকভাবে গাভীটি হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান।
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি হচ্ছে অসহায়, বিপন্ন ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। মানবতার কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে, ক্ষতিগ্রস্ত অহিদুল আলম ভাইয়ের হাতে আজ একটি দুধওয়ালা গাভী তুলে দিতে পেরেছি।’
জানা যায়, কয়েকদিন আগে কালীগঞ্জ উপজেলার নরুন গ্রামের খামারি মো. অহিদুল আলমের গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে তার চারটি গরু পুড়ে মারা যায় এবং প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পরপরই মো. খায়রুল হাসান ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নিতে সেখানে ছুটে যান এবং সহযোগিতার আশ্বাস দেন।
এরই ধারাবাহিকতায় সংগঠনের পক্ষ থেকে একটি দুধওয়ালা গাভী উপহার দেওয়া হয়, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারটি পুনরায় ঘুরে দাঁড়াতে পারে এবং জীবিকা নির্বাহে নতুন করে আশা খুঁজে পায়।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হাকিম, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. আফতাব উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, সাবেক আমীর হাফেজ আব্দুস সালাম সেলিম, মোহাম্মদ আলী, মো. মনির হোসাইন খান, আব্দুল আউয়াল, আব্দুল মোতালিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মো. খায়রুল হাসান আরও বলেন, ‘যারা অর্থ ও সহযোগিতার মাধ্যমে এই মহতি উদ্যোগে অংশগ্রহণ করেছেন, মহান আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন।’ পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক কল্যাণ ও গাভীটির বরকতে তাদের ক্ষতি পুষিয়ে যাওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।
গাভী পেয়ে খামারি অহিদুল আলম আবেগাপ্লুত হয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই সহায়তা তার পরিবারকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জোগাবে।