কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা। গত রবিবার বিকেল ৫টার দিকে কুমারখালীর গড়াই নদীরপাড়ে জাল বিনষ্ট করা হয়।

মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও থানা পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের তিন ছেলে করিম শেখ, বিল্লাল শেখ ও মজনু শেখের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয়। প্রায় তিনঘণ্টা ব্যাপী অভিযানে প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এসময় তিন ভাইয়ের কেউই বাড়িতে ছিলেন না। রাতে এসব তথ্য নিশ্চিত করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, তিন ভাই সকলের অগোচরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।