হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ কমাতে অক্সিজেন মোড় থেকে নাজিরহাট পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি উঠেছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সচেতন মহল বলছেন, এই সড়ক নির্মাণ এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

বর্তমানে হাটহাজারী-ফটিকছড়ি সড়ক উত্তর চট্টগ্রামের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করায় সড়কটির বিভিন্ন অংশে প্রায় সারাদিনই যানজট লেগে থাকে। বিশেষ করে অক্সিজেন মোড়, চৌধুরীহাট, বড়দীঘিরপাড়, ফতেয়াবাদ, হাটহাজারী বাজার, সরকারহাট, কাটিরহাট ও নাজিরহাট এলাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

রোগী নিয়ে অ্যাম্বুলেন্স আটকে পড়ে, পরীক্ষায় দেরি হয় শিক্ষার্থীর, অফিস ধরতে পারেন না চাকরিজীবী। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে সময় ও জ্বালানি দুটোই নষ্ট হচ্ছে। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

এ অবস্থায় রেললাইনের পাশ দিয়ে একটি বিকল্প বাইপাস সড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এই সড়ক নির্মাণ করা হলে যানবাহনের চাপ অনেকাংশে কমবে এবং মানুষ দ্রুত, নিরাপদ ও স্বস্তিতে যাতায়াত করতে পারবে। স্থানীয়দের দাবি, বর্তমান সড়ক প্রশস্ত করতে গেলে দুই পাশের অসংখ্য দোকানপাট, মার্কেট, মসজিদ, মন্দির ও বসতবাড়ি ভাঙার প্রয়োজন হবে। এতে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু রেললাইনের পাশ দিয়ে বাইপাস সড়ক নির্মাণ করা হলে তুলনামূলক কম ক্ষতিতে সহজেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে।