শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান রেবিস ভ্যাকসিন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ। জনস্বার্থকে অগ্রধিকার দিয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ২১৩ ভায়াল রেবিস ভ্যাকসিন হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও মাসিক আইন-শৃঙ্খলা সভার এক পর্যায়ে এ ভ্যাকসিন হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকণ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না প্রমুখসহ, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। জানা গেছে, সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেবিস ভ্যাকসিনের ঘাটতি প্রকট আকার ধারণ করেছিল। প্রতিদিন কুকুর, বিড়াল ও অন্যান্য প্রাণীর কামড়ে আহত বহু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসলেও প্রয়োজনীয় ভ্যাকসিনের স্বল্পতার কারণে অনেককে ভোগান্তিতে পড়তে হচ্ছিল।
বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা পরিষদ জরুরি ভিত্তিতে এ ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ গ্রহণ করে। উপজেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, নতুন অর্থবছরে সরকারি বরাদ্দ আসার আগ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে রেবিস ভ্যাকসিনের যে চলমান সংকট রয়েছে, এই ২১৩ ভায়াল ভ্যাকসিন তা অনেকাংশে লাঘব করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে হাসপাতালে আগত সেবাপ্রার্থীরা প্রয়োজন অনুযায়ী রেবিস প্রতিরোধী টিকা গ্রহণের সুযোগ পাবেন এবং জনদুর্ভোগ কমবে।
সভায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সময়োপযোগী এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রেবিস একটি প্রাণঘাতী রোগ হওয়ায় আক্রান্ত ব্যক্তিদের দ্রুত টিকা গ্রহণ নিশ্চিত করা জরুরি।
উপজেলা পরিষদের এই সহযোগিতা স্থানীয় জনগণের চিকিৎসাসেবা প্রাপ্তিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় সচেতন মহল উপজেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও স্বাস্থ্যখাতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
দৌলতপুরে কেন্দ্রের বাইরে খাতা নিয়ে পরীক্ষা দেয়ার অভিযোগে ৩ শিক্ষক আটক ॥ শিক্ষার্থী বহিষ্কর
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে চুয়ামল্লিকপাড়া রেজওয়ানুল উলুম দাখিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে পরীক্ষার খাতা নিয়ে লিখে দেওয়ার অভিযোগে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে ঘটনার সাথে জড়িত ৩ শিক্ষককে আটক করেছে র্যাব। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চুয়ামল্লিকপাড়া রেজওয়ানুল উলুম দাখিল মাদরাসা কেন্দ্রে অনিয়মের এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী মো. নাসিরুল্লাহ বিশ^াস (১৬) মহিষকুন্ডি মুসলিমনগর দাখিল মাদরাসার শিক্ষার্থী এবং ওই মাদরাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে। আটক ৩ শিক্ষক মো. বজলুর রহমান (৪৮), মো. নুরুল ইসলাম (৪৫) এবং মোছা. মাতোয়ারা খাতুন মায়া (৪০) একই মাদরাসার শিক্ষক। তবে তারা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে ছিলেন না বলে পরীক্ষা কেন্দ্র সূত্র জানিয়েছে।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানাগেছে, দাখিল জীববিজ্ঞান পরীক্ষা চলাকালে শিক্ষার্থী নাসিরুল্লাহর পরীক্ষার খাতা কেন্দ্রের বাইরে থেকে লিখে এনে জমা দেওয়ার কাজ করছিলেন অভিযুক্ত ৩ শিক্ষক। অর্থের বিনিময়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে তারা এ ধরনের অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবারও একই কায়দায় খাতা লিখে দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। তবে শিক্ষকদের আটকের পর কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় কিছু বহিরাগতরাও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে হৈচৈ ও হট্টগোল বাঁধালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।