জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও সৃষ্টিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পাবনায় উদযাপিত হলো "নজরুল বর্ষ ২০২৬-২৭"।
এ উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিবসে ৪ জুলাই (শনিবার) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীকে ঘিরে সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জেলাজুড়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আজ তারই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ এবং প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব। এছাড়াও জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জুসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সুধীজন এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, নজরুলের কবিতা ও গান আমাদের চিরকাল অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা যোগায়। নতুন প্রজন্মের মাঝে নজরুলের এই বিপ্লবী ও মানবিক চেতনা ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজন অনন্য ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম নজরুল বর্ষের এই ধারাবাহিক কর্মসূচি সফল করতে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির স্থানীয় শিল্পী ও শিশুদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিল্পীরা নজরুলের কালজয়ী সব গান, কবিতা আবৃত্তি এবং চমৎকার নৃত্য পরিবেশনের মাধ্যমে পুরো মিলনায়তনকে মুখরিত করে তোলেন।
অনুষ্ঠানের শেষাংশে, নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার পেয়ে ক্ষুদে শিক্ষার্থী ও বিজয়ীদের মাঝে অন্যরকম এক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।