মাগুরা সংবাদদাতা: দেশব্যাপী উদ্বেগজনক হারে হাম রোগের বিস্তার এবং শিশুমৃত্যু বৃদ্ধি পাওয়ায় হাম মহামারিকে জনস্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা, সকল সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করার দাবিতে গত মঙ্গলবার মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে চৌরঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে ও সংগঠক আসানূর ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক শারমিন সুলতানা।

বক্তাগণ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি, বর্তমান সময়েও চিকিৎসাক্ষেত্রে অব্যবস্থাপনার কারণে হাম মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিনই শিশু মৃত্যু ঘটছে। গতকাল পর্যন্ত ৪৬৪জন শিশুর মৃত্যু ঘটেছে। সারাদেশে ৫৮টি জেলায় হাম ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে হাম প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড ও আইসিইউ সুবিধা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সরকারের দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বক্তাগণ বলেন, মাগুরার প্রেক্ষিতে দেখা যায়, আড়াইশো বেডের সদর হাসপাতালে কোন আইসিইউ নেই। ফলে একটি পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা জেলায় অনুপস্থিত। সমাবেশ থেকে মাগুরা জেলার সদর হাসপাতালে আইসিইউ চালুর দাবি জানান হয়।