কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূ সাজিদা খাতুন হত্যা এবং কন্যা হারানোর শোক সইতে না পেরে পিতা কেরামত আলীর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় হত্যাকা-ে অভিযুক্ত যুবলীগ নেতা ও স্বামী মনিরুজ্জামানের ফাঁসি, মামলার সুষ্ঠু তদন্ত এবং এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা।

পাশাপাশি মামলা গ্রহণে গড়িমসি, তদন্তে ধীরগতি ও বিতর্কিত ভূমিকার অভিযোগ তুলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেনের অপসারণ দাবি করা হয়। গত সোমবার (১১ মে-২০২৬) বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মোল্লারহাট খোলায় শোকাহত এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিহত সাজিদা খাতুনের পরিবারের পক্ষ থেকে মামলার এজাহারে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হলেও পুলিশ এখনো সব আসামির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তারা দাবি করেন, বিচারহীনতার মানসিক চাপ ও মেয়েকে হারানোর গভীর শোক সহ্য করতে না পেরে সাজিদার পিতা কেরামত আলীর মৃত্যু হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা কালিগঞ্জ থানার ওসি মো. জুয়েল হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। তাদের দাবি, মামলা গ্রহণে গড়িমসি, এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া এবং প্রভাবশালীদের পক্ষ নেওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।