প্রখ্যাত আলেমে দ্বীন, শিক্ষাবিদ, ইসলামী রাজনীতিবিদ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির এবং জামিয়াতুল আনওয়ার হেমায়াতুল ইসলাম কওমি মাদ্রাসা পদুয়ার মহাপরিচালক মাওলানা সরওয়ার কামাল আজিজি গতকাল শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাযে জানাযা গতকাল শনিবার বাদ জোহর দুপুর ২টায় লোহাগাড়ার ঐতিহ্যবাহী ঠাকুরদিঘী মাদ্রাসা ময়দানে বিপুল মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। জানাযায় দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, ছাত্র-জনতা এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযাপূর্ব সমাবেশে বক্তারা মরহুম মাওলানা সরওয়ার কামাল আজিজির বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, তিনি ছিলেন একজন নির্লোভ, সাহসী ও জনদরদী আলেম, যিনি সারাজীবন ইসলামের খেদমত, দ্বীনি শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের ইসলামী আন্দোলন, শিক্ষা বিস্তার ও উম্মাহর কল্যাণে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা আ ফ ম খালেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরীর আমীর নজরুল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন প্রফেসর ড. সাইয়েদ আবু নোমান, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মুছা আল আজহারী প্রমুখ।
জানাযায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।