রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালের দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। আব্দুল্লার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার অনুপনগর গ্রামে। তার বাবার নাম আবুল কালাম আজাদ।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাতে বনশ্রীর সি ব্লকের তিন নম্বর রোডের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার তৃতীয় তলার বাথরুমে গামছা পেছানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার শরীরের কোথাও কোনো জখমের চিহ্ন না থাকলেও পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে বলাৎকার করা হয়ে থাকতে পারে এবং এরপর সে আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
লালবাগে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
রাজধানীর লালবাগে পূর্ব শত্রুতার জেরে গুলিবিদ্ধ মো. রাফি হুসাইন (২৮) মারা গেছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে গত ১৪ মে রাতে লালবাগ থানার শহীদ নগর ৩ নম্বর গলি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাফিকে উদ্ধার করে প্রথমে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভগিনীপতি আব্দুস সাত্তার জানান, রাফি অনলাইনে কাপড়ের ব্যবসা করতেন এবং নিজের বাসা ভাড়া দিয়ে সংসার চালাতেন। ঘটনার দিন একই এলাকার ইমন, শাহাবুদ্দিন, রেজাউল ও মিন্টুসহ কয়েকজন রাফির কাছে ‘শাহিন’ নামে এক ব্যক্তির খোঁজ জানতে চান। তিনি তথ্য দিতে না পারায় প্রথমে তাকে মারধর করা হয়, পরে তার পাঁজরে গুলি করে পালিয়ে যায় তারা। তিনি আরও জানান, রাফির বাড়ি লালবাগের শহীদ নগর আরএনডি রোডের ২০/১ নম্বর বাসায়। তিনি তাজউদ্দিনের ছেলে। রাফি এক কন্যাসন্তানের জনক ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত ১৪ মে গুলিবিদ্ধ অবস্থায় রাফিকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। পরে লালবাগ থানা পুলিশ লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।