রাজশাহী মহানগরীতে ক্লু-লেস (অজ্ঞাত রহস্য) ২টি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই দুটি মামলায় এযাবত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী নগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকায় গোলাম মোস্তফা হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আসামী হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাতে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকা-ের রহস্য উদঘাটন করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হাসিবুল ইসলাম পুলিশকে জানায়, নিহত মোস্তফার করা একটি মামলার জের ধরেই তাকে হত্যা করা হয়। এদিকে, গত ২ মে দামকুড়া থানা এলাকার অটোরিকশাচালক মামুনুর রশিদ হত্যা মামলায় জড়িত আটজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালক মামুনুরকে হত্যা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। গাজিউর রহমান বলেন, “রাজশাহী শান্তির নগরী। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন।” তিনি আরো জানান, কিশোর গ্যাং সদস্যদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং অভিযুক্তদের পর্যায়ক্রমে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।