হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : রাসায়নিক সার ও বিষের ব্যবহার না করি, প্রাণ বৈচিত্র্য সুরক্ষা করি এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের বাংগরা এলাকায় বারসিক এর আয়োজনে এক প্রাণ বৈচিত্র্য মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বাংগরা গ্রামের মোকসেদ আলীর বাড়ির আঙ্গিনায় এ মেলা অনুষ্ঠিত হয়। বেথুয়াজানি কৃষাণ কৃষাণী সংগঠন এ মেলার আয়োজন করে।
প্রাণ বৈচিত্র্য মেলায় গ্রীন কোয়ালিশন সংগঠনের সভাপতি মোঃ মুনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাসার আব্বাসী, জেলা নারী উন্নয়ন সংগঠনের সহ- সভাপতি আছমা আক্তার, বেতিলা মিতরা ইউনিয়ন গ্রীন কোয়ালিশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মন্টু, বারসিক কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস,বারসিক কর্মসূচি কর্মকর্তা কমল চন্দ্র দত্ত, সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী শাহাদত হোসেন বাদল, রেহেনা আক্তার প্রমুখ।
বক্তারা হারিয়ে যাওয়া প্রকৃতির দান বিষমুক্ত অচাষকৃত উদ্ভিদের গুরুত্ব তুলে ধরেন। আবুল বাসার আব্বাসী বলেন কীটনাশক জাতীয় রাসায়নিক সার ব্যবহারে উৎপাদিত খাদ্য খেয়ে একদিকে মানবদেহে নানা ধরনের রোগ ব্যাধি তৈরি হচ্ছে। অপরদিকে মাটির উর্বর শক্তিও দিন দিন কমে গেছে। এসবের কারণে প্রকৃতি ও পরিবেশ এবং প্রাণবৈচিত্র্য দিন দিন ধ্বংস হয়ে হচ্ছে। এ ব্যাপারে আমাদের সজাগ হতে হবে।
মেলায় বথুয়া, গিমা, হেলেঞ্চা, কাটানটে, কচু ও থানকুনিসহ মাঠের আইল, পুকুরপাড় ও ঝোপঝাড়ে অযতেœ বেড়ে ওঠা বিষমুক্ত বিভিন্ন প্রজাতির অচাষকৃত শাকসবজি, ভেষজ উদ্ভিদসহ ৬৫ প্রজাতির শাকসবজি ও ৬ প্রকারের জলজ প্রাণী শামুখ প্রদর্শিত হয়। মানিকগঞ্জে বারসিক আয়োজিত প্রাণ বৈচিত্র্য মেলায় বক্তব্য দিচ্ছেন সাংবাদিক আবুল বাসার আব্বাসী।