চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা। এসময় তারা তাদের ৪ দফা দাবি তুলে ধরেন।
গতকাল শনিবার দুপুরে রাজশাহী কলেজ গেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ৩৫০টি সরকারি কলেজে দীর্ঘ ১০ থেকে ২৫ বছর ধরে কর্মরত বেসরকারি কর্মচারীরা প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও তাদের চাকরি এখনো রাজস্বখাতে স্থানান্তর করা হয়নি। এসময় চার দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো, সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি অবিলম্বে রাজস্ব খাতে স্থানান্তর, রাজস্ব খাতে স্থানান্তরের আগ পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, দীর্ঘদিন অস্থায়ীভাবে কর্মরত কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে নতুন নিয়োগ বন্ধ এবং অস্থায়ী কর্মচারীদের চাকরিচ্যুতি বন্ধসহ কাউকে শূন্য হাতে চাকরি থেকে অব্যাহতি না দেয়া। রাজশাহী বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি এহসানুল কবীর বলেন, সরকারি কলেজগুলোতে ৩য় ও ৪র্থ শ্রেণির প্রায় ৮০ শতাংশ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বেসরকারি কর্মচারীদের মাধ্যমে পরিচালিত হলেও তাদের চাকরি এখনো স্থায়ী হয়নি। তিনি অভিযোগ করেন, ২০১৩ ও ২০২০ সালের শিক্ষা অধিদপ্তরের নিয়োগ কার্যক্রমে দীর্ঘদিন ধরে কর্মরত অভিজ্ঞ কর্মচারীদের অগ্রাধিকার দেয়া হয়নি। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুইট, নাটোর রানী ভবানী কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের সহ-সভাপতি শফিকুল ইসলাম, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহ-সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।