কয়রা (খুলনা) সংবাদদাতা : খুলনার কয়রা উপজেলায় ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে শ্রী ভবতোষ মৃধা খোকা (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রীও।
গত ১৭ মে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৩নং মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভবতোষ মৃধা স্থানীয় গিলাবাড়ি বাজারের ‘অনূষ্কা ফার্মেসি’র স্বত্বাধিকারী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের বেড়ার নিচের মাটি সরিয়ে সিঁধ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যরা টের পেয়ে জেগে উঠলে দুর্বৃত্তরা ভবতোষ মৃধার ওপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জায়গীরমহল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তিনি মারা যান।
এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা নিহতের স্ত্রীকেও কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুই-তিন দিন আগেও চোরেরা আমাদের বাড়িতে এসেছিল। গতরাতেও লোক ঢুকেছে বুঝতে পারি, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আমার স্বামীকে কোপাতে শুরু করে। আমাদের চোখের সামনে ওনাকে মেরে ফেলেছে। আমি এই খুনিদের ফাঁসি চাই।”