সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরের জন্য সমীক্ষা চলছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সিলেট-ঢাকা রেলপথে ট্রেনের ইঞ্জিন সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর সমাধানে কাজ করবে সরকার। গতকাল শনিবার দুপুরে সিলেট রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রেলকে লাভবান করতে যাত্রীসেবার পাশাপাশি পণ্য পরিবহনের দিকেও সরকার নজর দিবে। রেলের সেবা নিশ্চিতে সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তিনি বলেন, তবুও সর্বোচ্চ সেবা দিতে হবে। দায়িত্বে অবহেলা মেনে নেওয়া যাবে না। মাঠপর্যায়ে দায়িত্বে অবহেলা পরিলক্ষিত দায়িত্বশীলদের তা সমাধানে কাজ করার নির্দেশনার কথা পুণর্ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, সেবার মান বাড়াতে ইঞ্জিন ও কোচ সেবা চালু করা দরকার। সিঙ্গেল লাইনে দুর্ঘটনায় শিডিউল বিপর্যয় হয়। তা রোধে সরকার কাজ করছে।