গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অনজনা পারভীন (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত ১১ মে রাতে উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ফুরকান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অনজনা পারভীন ওই এলাকার মো. সোনারুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বসতবাড়ির শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন অনজনা পারভীন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বাক্ষরিত এক প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।