মোহাম্মাদ মনিরুজ্জামান, মোংলা থেকে: বাগেরহাটের মোংলা উপজেলার পুটিমারা নদী ও পাখিমারা খালের ওপর নির্মিত দুটি সেতু সংযোগ সড়কের অভাবে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ২০২৩ সালে সেতু দুটি নির্মাণের কাজ শেষ হলেও এখনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, পুটিমারা নদীর ওপর ৪০ মিটার দীর্ঘ একটি সেতু এবং পাখিমারা খালের ওপর ৯০ মিটার দীর্ঘ আরেকটি সেতু নির্মাণ করা হয়। তবে মূল কাঠামো নির্মাণের পর সংযোগ সড়কের কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানান, সেতুতে ওঠানামার জন্য অস্থায়ী বাঁশের সাঁকো ব্যবহার করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে। অনেকেই পড়ে গিয়ে আহত হচ্ছেন। যানবাহন চলাচল করতে না পারায় পণ্য পরিবহনেও চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, সেতুগুলো নির্মাণের পর থেকে কোনো কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে গিয়ে কয়েকজন আহতও হয়েছেন। আরেকজন অভিযোগ করেন, কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান সরে গেছে এবং দীর্ঘ সময় পার হলেও সমস্যার সমাধান হয়নি। নারী ও বয়স্কদের চলাচলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও জানান স্থানীয়রা।
তবে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছে এলজিইডি। এ বিষয়ে মোংলা উপজেলা প্রকৌশলী মো. নাবিদুল হাসান বলেন, দ্বিপাক্ষিক কিছু জটিলতার কারণে কাজটি দীর্ঘদিন ধরে আটকে আছে। তবে প্রকল্পের বাকি কাজ দ্রুত সম্পন্ন করতে তারা আগ্রহী বলে জানান তিনি।
এলজিইডির তথ্য অনুযায়ী, পুটিমারা নদীর সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৮৪ লাখ ৩২ হাজার টাকা এবং পাখিমারা খালের সেতু নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ২৪ লাখ ৫ হাজার টাকা।