নীলফামারী সংবাদদাতা : নীলফামারী জেলা জামায়াতের উদ্যোগে গত মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় জামায়াতের জেলা অফিস আল-হেলাল একাডেমিতে সদর উপজেলার ত্রৈমাসিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনে সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং রুকনদের মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার। তিনি উপজেলা শাখার বিগত তিন মাসের সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করেন এবং কাজের ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণের দিকনির্দেশনা দেন। রুকনদের উদ্দেশে তিনি বলেন, “সাংগঠনিক কাজের গতি বৃদ্ধির পাশাপাশি নিজেদের আমলি ও নৈতিক মান বৃদ্ধিতে আপসহীন হতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা জামায়াতের নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম। তিনি রুকনদের ঈমান ও আকিদা মজবুত করার তাগিদ দিয়ে বলেন, “একজন রুকনকে অবশ্যই জামায়াতে নামাজ আদায়সহ আমলি জিন্দেগির প্রতিটি ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”

নীলফামারী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফা শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, জেলা অফিস সম্পাদক আব্দুল কাদিম, উপজেলা সেক্রেটারি হামিদুল ইসলাম ও নীলফামারী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, মাওলানা মোকাররম হোসেন সাঈদী, উপজেলা সহকারী সেক্রেটারি আহমদ রায়হান। সম্মেলনে সদর উপজেলার রুকনগণ অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত ও তাগিদ দেয়া হয়।