ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনটে ঝড়ের কবলে যমুনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১জনের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা সদরের জেলখনা এলাকার যমুনা নদীর মাঝ বরাবর থেকে ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আঙ্গুরি বেগম (৪৭) উপজেলার চুনিয়াপাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী।
জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকার যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও আঙ্গুরি বেগম নামের এক নারী নিখোঁজ থাকে। পরে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। একপর্যায়ে তার কোন সন্ধান না মেলায় ২২ মে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। পরে পরিবারের উদ্যোগে উদ্ধার অভিযান অব্যহত থাকে। তারই ধারাবাহিকতায় ২৩ মে শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা সদরের জেলখনা এলাকার যমুনা নদীর মাঝ বরাবর থেকে ভাসমান অবস্থায় আঙ্গুরীর মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী বলেন, আঙ্গুরী বেগমের মরদেহ উদ্ধারের খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা হিসেবে নগদ অর্থ ও শুকনো খাবার মৃতের পরিবারকে দেয়া হয়েছে।