ফ্রি মেডিকেল ক্যাম্প

মাগুরা সংবাদদাতা: মাগুরার স্টেডিয়ামপাড়ায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) নামক একটি বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থার উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাগুরা শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন ডাঃ বুশরা নুর তুসি, ডাঃ রিয়াজ মাহমুদ হুদা, ডাঃ ফারজানা সুলতানা, ডাঃ মোঃ মুহিব সরকার, ডাঃ মোঃ সুমন রহমান, ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ, ডাঃ জীম সাগর, ডাঃ মহিউদ্দিন সুমন অনি এবং ডাঃ ইসমাইল হোসেন।

কৃষি মেলার উদ্বোধন

মাগুরা : যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় মাগুরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা এ মেলার আয়োজন করে। মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা।

গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

রামগতি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতিতে গ্রাম আদালত সম্পর্কে ব্যপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহে অংশগ্রহণ সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষরয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন রামগতি ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনায়লয়ের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

ভিজিএফএর চাল বিতরণ

হরিরামপুর (মানিকগঞ্জ): আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের পুটাইল ইউনিয়নে ১ হাজার ৩১১ টি দুস্থ ও অসহায় অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল দশ ঘটিকা থেকে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রশাসনিক কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মিন্টুর নেতৃত্বে এ চাল বিতরণ করা হয়।

সকাল দশ ঘটিকার সময় সহকারী কমিশনার ভূমি ও

পুটাইল ইউনিয়ন পরিষদের প্রশাসক রিক্তা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণের উদ্বোধন করেন।

মাদক ও কিশোর গ্যাংমুক্ত দোহার-নবাবগঞ্জ গড়তে কার্যকর উদ্যোগ প্রয়োজন

নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : মাদক ও কিশোর গ্যাংমুক্ত দোহার-নবাবগঞ্জ গড়তে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রাশিম মোল্লা। রোববার গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঢাকা জেলা প্রশাসকের মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় তিনি ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি)-এর কাছে বিশেষ অভিযান, সচেতনতামূলক ক্যাম্পেইন এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের দাবি জানান। তিনি বলেন, দোহার ও নবাবগঞ্জে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। এতে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে।

রাশিম মোল্লা বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা, কিশোর গ্যাং শনাক্ত করে আইনের আওতায় আনা, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে মনিটরিং ও প্রতিরোধ কমিটি গঠনের দাবি জানান।

সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরাও সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। এসময় জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ইউএনওদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

এদিকে, সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘব এবং প্রশাসনের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম ‘হ্যালো ডিসি’ নামে নতুন একটি সেবা চালু করতে যাচ্ছেন। এ সেবার মাধ্যমে ঢাকা জেলার যেকোনো নাগরিক সরাসরি জেলা প্রশাসনে ফোন করে তাদের অভাব-অভিযোগ, তথ্য ও মতামত জানাতে পারবেন।