কুষ্টিয়ার মিরপুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে আপন ভাইদের মধ্যে সংঘর্ষে নুর ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা বহলবাড়িয়া গ্রামের ঠাকুরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম ওই এলাকার মৃত আব্দুল ওহাব মণ্ডলের ছেলে।

জানা গেছে, পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে জিতুর সঙ্গে তাঁর আপন ভাই কালাম, সালাম ও হেলালের কথা-কাটাকাটি হয়। এ সময় অপর ভাই নুর ইসলাম ঘটনাস্থলে ছিলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নুর ইসলাম ও জিতু রক্তাক্ত আহত হন। পরে স্থানীয়রা আহত নুর ইসলামকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত ৭টার দিকে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিতণ্ডা হয়। একপর্যায়ে হেলাল তার বড় ভাই নূর ইসলামকে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন।

নূর ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

ওসি শহিদুল ইসলাম বলেন, হেলালকে রাতেই আটক করা হয়েছে। সে পুলিশ হেফাজতে আছেন। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।