মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় সহপাঠীদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজের ৪ ঘন্টা পর লাশ উদ্ধার হয়েছে।

গত ১১ মে বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজের পর বিকাল পৌণে ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান।

নিখোঁজ মাহিরের বন্ধু ওয়ালী জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার ৪-৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদী স্টেশনে নেমে শহরতলীর নাগরিয়াকান্দি সেতু এলাকায় ঘুরতে যায়। তারা বিভিন্ন স্থান ঘুরে দেখার এক পর্যায়ে নাগরিয়াকান্দি এলাকার মেঘনার শাখা নদীতে গোসল করতে নামে বেশ কয়েকজন। এ সময় সাঁতার না জানার কারণে মাহির শাহরিয়ার ও আরো দুইজন নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে। তাৎক্ষণিক ২ জনকে উদ্ধার করতে পারলেও মাহির স্রোতে তলিয়ে যায়। সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয় ফায়ার সার্ভিস চেষ্টার পরও তার সন্ধান না পাওয়ায় ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের ৪ ঘন্টা পর লাশ উদ্ধার করে।