চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় ১৫ দিনব্যাপী মৌলিক দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ আবু মুসা জঙ্গীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল। এমপি বুলবুল বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তৃণমূল পর্যায়ের অনগ্রসর জনগোষ্ঠীকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ, কর্মক্ষম ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারলে তারা মানবসম্পদ হিসেবে দেশের সার্বিক উন্নয়নে কাক্সিক্ষত অবদান রাখতে পারবে পাশাপাশি পরিবারের স্বচ্ছলতা বাড়বে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার। প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পূর্ণিমা প্রামানিক। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ স্বাগত বক্তব্যে জানান, জেলার অনগ্রসর (চা-শ্রমিক, জেলে, বেদে, ঋষি, হিজড়া, হাজরা, মুচি, ডোম ইত্যাদি) জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও তাদের সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ১৫ দিনব্যাপী ট্রেডভিত্তিক মৌলিক দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সভাপতির বক্তব্যে আবু ছালেহ মোঃ আবু মুসা জঙ্গী বলেন, সমাজের অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।