চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মদন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন।

সভায় গ্রাম আদালতের বিচারিক সেবার গুরুত্ব তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা গ্রহণ ও দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিষ্পত্তিকৃত মামলার নথি যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করতে হবে। গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রচারণা জোরদার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

আরইউটিডিপির দিনব্যাপী কর্মশালা

ঝিকরগাছা (যশোর) : যশোরের ঝিকরগাছা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালার দিনব্যপী বিনিয়োগ পরিকল্পনা, পৌরসভার উন্নয়ন পরিকল্পনা, ও সিআরএপি শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন, কর্মশালার সভাপতিত্ব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঝিকরগাছা পৌরসভার নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা ও সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদার।

বক্তব্য রাখেন, পৌর সহায়ক কমিটির সদস্য ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, আরইউটিডিপি প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় উক্ত প্রকল্পের বাস্তবায়নে করণীয় বিষয় নিয়ে আলোচনায় ছিলেন সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ জাহিদুল ইসলাম,পরিবেশ বিশেষজ্ঞ মোঃ আল আমিন, আর্কিটেক আজমিরা আক্তার, আর্কিটেক ফারহানা ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী কর্মশালায় টিএলসিসির সদস্যগন উপস্থিত ছিলেন।

পুলিশি নজরদারি

আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়া উপজেলা জুড়ে মাদক নির্মূলে জোরালো অভিযান চালিয়ে সফলতা অর্জন করছে বাংলাদেশ পুলিশ। বিশেষ করে -এর আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান যোগদানের পর থেকে মাদকবিরোধী কার্যক্রমে নতুন গতি ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। স্থানীয়দের দাবি, বিগত কয়েক দশকের তুলনায় বর্তমানে মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা অনেক বেড়েছে। নিয়মিত অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং কঠোর নজরদারির কারণে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ফিরে এসেছে। ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, “মাদক দেশ ও জাতির জন্য ভয়াবহ ক্ষতিকর। এটি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের কারণে পরিবারে অশান্তি, সামাজিক অপরাধ ও খুনসহ নানা অপকর্ম বৃদ্ধি পাচ্ছে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করা গেলে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

পুলিশ ফাঁড়ি চালুর দাবি

পতœীতলা (নওগাঁ) : নওগাঁর পতœীতলা উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিন দিন ভয়াবহ ও উদ্বেগজনক আকার ধারণ করছে মাদকের বিস্তার। মাদক যেন এক নীরব মহামারী—একটি ভয়ংকর ভাইরাসের মতো সমাজের শিরা-উপশিরায় ছড়িয়ে পড়ছে। যে বয়সে শিশু-কিশোরদের বই-খাতা হাতে স্কুলের বারান্দায় থাকার কথা, সেই বয়সেই কেউ কেউ মাদকের ছোবলে আসক্ত হয়ে পড়ছে। এতে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক হুমকির মুখে পড়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। জনগণ আশাবাদী ছিল—কঠোর অভিযান ও আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল হবে। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে, প্রভাবশালী রাঘববোয়ালদের ছত্রছায়ায় মাদক কারবারিরা বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে এসে পুনরায় ব্যবসা শুরু করছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললে উল্টো নানা ধরনের চাপ, প্রতিবাদ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।

পতœীতলা থানা থেকে আলপাকা শীতলমাঠ, নিরমইল ইউনিয়নের রাধানগরসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। ফলে প্রশাসন মাদকের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে কারবারিরা কৌশলে স্থান ত্যাগ করে। ভৌগোলিক দূরত্ব ও যোগাযোগ সমস্যার কারণে অনেক সময় কার্যকর অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়ে।

কৃষক প্রশিক্ষণ ও সার্টিফিেেকশন

রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারীতে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

মঙ্গলবার সকালে দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে রৌমারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপসহকারী কৃষি কর্মকর্তা বাবুল আকতার, তোফায়েল আহমেদের পরিচালনায় উপজেলার ৬ টি ইউনিয়নের ৬০ জন কৃষক/কৃষাণী, ইমাম, সাংবাদিকদের মধ্যে খাদ্যে পুষ্টির গুনগত মান বজায় ও গ্যাপ নিয়ম মেনে খাদ্য শশ্য উৎপাদনে হাতে কলমে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শেষে কর্মশালায় প্রধান হিসেবে সার্টিফিকেট প্রদান করেন কুড়িগ্রাম জেলা কৃষি অফিসের অতিরিক্ত উপ পরিচালক তানভীর আহমেদ সরকার, অতিরিক্ত উপ পরিচালক মোঃ মেহেদী হাসান, রৌমারী কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বসুনিয়া।

হাঁসের বাচ্চা বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) কর্তৃক আয়োজিত হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে নাগরপুর এরিয়া অফিস শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোক্তা তৈরির পাশাপাশি দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যেই এই সহায়তা প্রদান করে ব্যাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নূরে আলম সিদ্দিকী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা মো. লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল ১ এর আঞ্চলিক ব্যবস্থাপক ইন্দ্রজিৎ কুমার পাল, টাঙ্গাইল ২ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, ডিএসএস কৃষি তানিয়া সুলতানা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অতিথিরা ২০জন নারি উদ্যোক্তার মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করেন।

মাদকবিরোধী যৌথ অভিযান

মুরাদনগর সংবাদদাতা : কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযানে ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও আরেক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মুরাদনগর থানা পুলিশ। চোলাই মদ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একজনের বিরুদ্ধে একটি মামলা করেছে।

গ্রেপ্তার আসামীরা হলেন, মুরাদনগর উপজেলা সদর এলাকার মৃত রঙ্গলাল চন্দ্র দাসের ছেলে স্বপন চন্দ্র দাস (৪৫) এবং অপরজন রহিমপুর গ্রামের দুধ মিয়ার ছেলে আরিফ(২৯)।

এদেরমধ্যে মাদক সেবনের অপরাধে আটক আরিফ কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বি।

পরিবেশ সুরক্ষায় মূকাভিনয়

মোংলা সংবাদদাতা : বাগেরহাটের মোংলায় সুন্দরবন ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী মূকাভিনয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে মোংলা সরকারি কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে মোংলা সরকারি কলেজ ও পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’। আয়োজকরা জানান, পরিবেশ ও সুন্দরবন রক্ষার বিষয়কে কেন্দ্র করে মোংলার ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের মূকাভিনয় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে একক মূকাভিনয় পরিবেশন করেন ধরা’র নেতা শাহরিয়ার শাওন। দুপুর সাড়ে ১২টায় আয়োজিত উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধরা’র কেন্দ্রীয় নেতা ও ‘সুন্দরবন রক্ষায় আমরা’-এর সমন্বয়কারী পরিবেশকর্মী মো. নূর আলম শেখ।

৩ লাখ টাকা জরিমানা

চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে একটি ট্রাক্টর জব্দ, দুটি মেশিন ও পাইপ ধ্বংস এবং এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, সোমবার(১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ৫নং শানখলা ইউনিয়নের পানছড়ি পার্ক সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।এসময় অবৈধভাবে বালু ভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। এ সময় ট্রাক্টরের চালক ট্রাক্টর রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে বালু উত্তোলনের কোনো মেশিন বা অন্যান্য সরঞ্জামও পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে ওই এলাকার মোঃ নান্নু মিয়ার ছেলে আসাদ মিয়া জড়িত। পরে বেলা সাড়ে ১১টায় ৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি মেশিন ও পাইপ উদ্ধার করা হয়। তবে এ কাজে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে উদ্ধারকৃত মেশিন ও পাইপ তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

মর্মান্তিক!

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় রোজা খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রোজা উপজেলার সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার রাজু আহামে¥দের কণ্যা।

প্রত্যক্ষদর্শীরা জানায়- সোমবার (১২ মে) সকাল ১০ টার দিকে রোজা খাতুন রাস্তার ওপারে দোকানে চকলেট কিনতে যায়। অপর প্রান্ত থেকে তার মা ডাক দিলে সে দৌড়ে রাস্তা পার হতে যায়, এ সময় দ্রুতগামী একটি ক্যারিয়ার ভ্যান (ইজিবাইক) তাকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। জীবননগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।