খুলনা রেলওয়ে জেলার পুলিশ লাইনে ডিউটিরত এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘটেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, কনস্টেবল সম্রাট বিশ্বাস ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার এসআরপি এবং সোনাডাঙ্গা থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন মহিলা পুলিশ সদস্য।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে।

তিনি গেল বছরের ৩ নভেম্বর এখানে যোগদান করেন। তার আচার-আচরণ ভাল ছিল। ভোর রাত ৪-৬টা পর্যন্ত তার ডিউটি ছিল। ভোর সাড়ে ৪টার দিকে তার ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।