চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল ফ্রি করার দাবিতে সড়ক ও জনপথ দপ্তর ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সড়ক ভবনের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মোটরসাইকেল, অটোরিক্সা ও সিএনজি’র টোল ফ্রির দাবি জানান। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির পরিচালক রাইহানুল ইসলাম লুনা, জেলা ইলেকট্রনিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ, হাদিদুল মোবিন হাদি প্রমুখ। বক্তারা বলেন, এলাকার মানুষের স্বার্থে সেতুর টোল ফ্রি বাতিল করা প্রয়োজন। সেতুটি টোলমুক্ত ঘোষণা করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এদিকে সেতুর টোলঘর এলাকায় মহাসড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।
গ্রাম-গঞ্জ-শহর
চাঁপাইনবাবগঞ্জে টোল ফ্রির দাবিতে সওজ দপ্তর ঘেরাও
চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল ফ্রি করার দাবিতে সড়ক ও জনপথ দপ্তর ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হয়।