শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরায় খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন ২১ মে ২০২৬ বৃহস্পতিবার মাগুরা জেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প এবং সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেছেন। দিনব্যাপী এ সফরে তিনি জেলার প্রশাসনিক কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা, শিক্ষা ও উন্নয়ন কর্মকা-ের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সফরের শুরুতে তিনি মাগুরা শহরের সূর্যমুখী শিশু বিদ্যালয় পরিদর্শন করেন। পরে তিনি জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও সেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করে বিচারিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এসময় তিনি তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” পরিদর্শন করেন এবং ভূমি অধিগ্রহণ (এলএ) চেক বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। পরবর্তীতে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও শ্রীপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে সেবার মান, নাগরিক সুবিধা এবং ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সফরকালে বিভাগীয় কমিশনার গয়েশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, গয়েশপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং লাঙ্গলবাঁধ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এছাড়া শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম কর্তৃক মনোনীত এইচবিবি প্রকল্প পরিদর্শন এবং গয়েশপুর ইউনিয়নের খাল খনন কর্মসূচির অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।