গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় পৌরসভা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান এমপি বলেন, একটি পৌরসভার উন্নয়ন নির্ভর করে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা ও জনসেবামূলক মানসিকতার ওপর। তিনি নাগরিকদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মেয়র প্রার্থী ড. মোঃ ওবায়দুল্লাহ্, পৌরসভার আমীর আলহাজ্ব মোঃ আনারুল ইসলাম, জেলা মজলিসে শূরা সদস্য মুহাম্মদ শহীদুল্লাহ্, সেক্রেটারি মোঃ শওকত আলীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে পৌরসভার সেবার মান উন্নয়ন, নাগরিক দুর্ভোগ নিরসন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। সভা শেষে পৌরসভার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।