টাঙ্গাইলে অবৈধভাবে মাটি উত্তোলন ও ফসলি জমি ধ্বংসের প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (৮ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বীরনাহালী গ্রামবাসীর ব্যানারে বংশাই নদীর পাড়ে ৫ শতাধিক নারী পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঘারিন্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম আরমিছ, কৃষক জহির উদ্দিন তালুকদার, তারেক তালুকদার, হাসেন আলী মাইন উদ্দিন, সবুর তালুকাদার, জহিরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, টাঙ্গাইলের প্রভাবশালী বিএনপি নেতা খন্দকার আহমেদুল হক সাতিল সহ কয়েক জন নেতাদের নাম ভাঙ্গিয়ে কতিপয় দুষ্কৃতিকারী নদীর পাড় থেকে বেকু ও ডেজার মেশিন বসিয়ে অবৈধভাবে রাতের আঁধারে রেকর্ডকৃত জমির মাটি বিক্রি করে থাকে।
স্থানীয় জনগণ এর প্রতিবাদ করলে তাদের কথা তোয়াক্কা না করে তারা মাটি কেটে বিক্রি করে। নদীর মাটি কাটা হলে নদীর পাড় ভেঙ্গে আবাদি জমি ও বসত ভিটা বিলিন হবে। তাছাড়া নদীর গতিপথও পরিবর্তন হবে। ভারী ট্রাকে মাটি পরিবহণের ফলে গ্রামে কাঁচা ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হবে। তারা আরও বলেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিকট লিখিত অভিযোগ দিয়েও তারা কোন ফল পাচ্ছেন না।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন মিয়া জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।