বেনাপোল (যশোর) সংবাদদাতা : অবৈধ পথে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশী নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত দিয়েছে ভারত। সোমবার ১৮ মে সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্টইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।

ফেরত আসা বাংলাদেশী দুই নারী হলেন-নড়াইল জেলার কালিয়া থানার বনগ্রামের ফারুক হোসেনের মেয়ে মিম খানম (২৩) ও ফরিদপুর জেলার মধুখালী থানার চরমহিসপুর গ্রামের ছলেমান মন্ডলের মেয়ে রাজিয়া খাতুন (২৭)।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়,দেড় বছর আগেঅবৈধ পথে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতের মুম্বাইয়ে যায়। সেখানে অবৈধভাবে অবস্থান করার অপরাধে সে দেশের পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের সাজা দেয়।সাজার মেয়াদ শেষ হলে সেখানকার একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়।এক পর্যায়ে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশে ফেরত পাঠায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শাখাওয়াত হোসেন জানান, ফেরত আসা দুই নারীকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানা কর্তৃক আইনি কার্যক্রম শেষে উক্ত ব্যক্তিদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির নিকট হস্তান্তর করবে বলে জানা যায়।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত ফেরত আসা নারীদের সংস্থার হেফাজতেই রাখা হবে।