শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন, ওভারটাইম বিল ও ঈদের ছুটিসহ একাধিক দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে কেএসএস নিট কম্পোজিট লিমিটেড কারখানায়। বৃহস্পতিবার সকালে কাজে এসে কারখানার গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকদের দাবি, ঈদুল আজহা উপলক্ষে ১১ দিনের ছুটি, চলতি মাসের অর্ধেক বেতন ও ওভারটাইম বিল পরিশোধের আশ্বাস দিয়েছিল কর্তৃপক্ষ। সেই আশ্বাসে বুধবার তারা শান্তিপূর্ণভাবে কাজও করেন। কিন্তু পরদিন সকালে কারখানায় এসে গেটে তালা দেখে হতাশ ও ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা।
আন্দোলনরত এক শ্রমিক বলেন, “ঈদের আগে বেতন-বোনাস না পেলে পরিবার নিয়ে ঈদ করবো কীভাবে?” আরেক শ্রমিকের কণ্ঠে ছিল হতাশা- “আন্দোলন করলে লাঠির আঘাত, আর চুপ থাকলে না খেয়ে মরতে হবে।”
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের কর্মবিরতি, উৎপাদনে বাধা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেট ব্যবহার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।