দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরের ঐতিহ্যবাহী বাজারের যেখানে সেখানে এখন যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। চরম অব্যবস্থাপনা ও কিছু লিচু ব্যবসায়ীর দায়িত্বহীনতায় বাজারের পরিবেশ দিন দিন নোংরা ও অসহনীয় হয়ে উঠছে। রাস্তার মাঝখানে ময়লা-আবর্জনার স্তূপ জমে থাকায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।বর্তমানে লিচুর মৌসুম শুরু হওয়ায় বাজারে প্রতিদিন বিপুল পরিমাণ লিচু আমদানি হচ্ছে। তবে অভিযোগ রয়েছে, ব্যবসা শেষে অনেক ব্যবসায়ী লিচুর উচ্ছিষ্ট অংশ ও অন্যান্য আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে রাস্তার ওপরেই ফেলে রেখে যাচ্ছেন। বিশেষ করে গৌরীপুর বাজারের ফার্মেসির সামনের সড়কে জমে থাকা ময়লার স্তূপ দেখে অনেকেরই প্রশ্নÍএটি কি বাজার, নাকি ডাম্পিং স্টেশন? এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম রনি ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, “গৌরীপুর বাজারে এ কোন অব্যবস্থা? লিচু ব্যবসায়ীদের এমন দায়িত্বহীনতায় রাস্তার মাঝখানেই ময়লা-আবর্জনার স্তূপ! সাধারণ মানুষ চলবে কীভাবে? এটা কি বাজার, নাকি ডাম্পিং স্টেশন?”তার এই পোস্টের মন্তব্য ঘরেও বাজারের পরিচ্ছন্নতা ও প্রশাসনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।সরেজমিনে দেখা যায়, ময়লার দুর্গন্ধে পুরো এলাকা অতিষ্ঠ।বাজারের যেখানে সবচেয়ে বেশি ভীড় হয় বিশেষ করে ফার্মেসির দোকানগুলোর সামনে নোংরা পরিবেশের কারণে রোগী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে নাকে রুমাল চেপে রাস্তা পার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, ব্যবসায়ীদের খামখেয়ালি আচরণ ও নিয়মিত তদারকির অভাবেই বাজারের এমন করুণ অবস্থা তৈরি হয়েছে।এ বিষয়ে গৌরীপুর বাজার কমিটির সাবেক সেক্রেটারি সুমন মিয়া প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন বাজার সবার অধিকার। আমরা দায়িত্বে থাকাকালে এমন পরিস্থিতি ছিল না। দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে বাজারকে আবারও সুশৃঙ্খল পরিবেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া উচিত।”ক্ষুব্ধ এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত আবর্জনা অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেÍএমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।