খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার খোকসায় সরকারি বরাদ্দের পাশাপাশি এক দিনের স্বেচ্ছাশ্রমে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
“স্বেচ্ছাশ্রমে কাটব খাল, বদলে দেব দেশের হাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় শিমুলিয়া ইউনিয়নের কালিশঙ্করপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন হাসান।
জানা যায়, শিমুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া থেকে একতারপুর ইউনিয়নের স্লুইসগেট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সরকারি খাল পুনঃখননের উদ্যোগ নেয়া হয়েছে। সরকারি বরাদ্দের পাশাপাশি স্থানীয় জনগণের এক দিনের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেশব্যাপী নদী, নালা, খাল ও জলধারা খনন-পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এ কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। পুনঃখনন সম্পন্ন হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচসুবিধা সম্প্রসারণ এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন হাসান বলেন, “আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ এ কর্মসূচিকে আরও সফল করবে।”