পতিত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়ে ৯ বছরের সাজা মাথায় নিয়ে দেশ ছাড়লেও ‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনার জেলে যেতে হয়নি বলে স্বস্তি প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘বলেছিলাম হাসিনার জেলে যাব না, আল্লাহ কবুল করেছেন। আমি জেলে যাইনি, হাসিনাই দেশ ছেড়ে পালিয়ে গেছে।’
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘হাইকোর্ট থেকে খালাস পাওয়ার পরও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা পুনরুজ্জীবিত করে আমাকে ৯ বছরের জেল দেওয়া হয়েছিল।
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ওপর যে অমানবিক নির্যাতন হয়েছে, তার প্রতিবাদেই আমি আপসহীন ছিলাম।’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীবলেন, ‘পাকিস্তান আমল থেকে শুরু করে শিক্ষা কমিশন আন্দোলন, ৬৯’র আন্দোলন এবং ৭১’র গেরিলা যুদ্ধে অংশ নিয়েছি। জীবনের শেষ প্রান্তে এসে এই সংসদে দাঁড়িয়ে ইতিহাসের রেকর্ড স্ট্রেট করতে চাই।’