তৌফিক রুবেল, দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে তীব্র যানজটের কারণে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের চরম ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকেই মহাসড়কের ঢাকামুখী লেনে মেঘনা-গোমতী টোল প্লাজা থেকে রায়পুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অন্যদিকে কুমিল্লামুখী লেনের গৌরীপুর থেকে শহীদনগর পর্যন্ত প্রতিদিনই যানবাহনের ধীরগতি ও দীর্ঘ জটলার কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকেরা।স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশের তথ্যমতে, মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে ধীরগতির কারণে প্রতিদিন সন্ধ্যার পর থেকেই ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই যানজট কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ছে।এদিকে কুমিল্লামুখী লেনের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং, মহাসড়কে উল্টো পথে অটোরিকশা ও সিএনজি চলাচল এবং নির্দিষ্ট বাস-বে না থাকায় মূল সড়কের ওপরই যাত্রী ওঠানামা করানো হচ্ছে। ফলে ওই এলাকায় সার্বক্ষণিক যানজট লেগেই থাকছে।স্থানীয়রা জানান, গৌরীপুর বাসস্ট্যান্ডটি দাউদকান্দি, মেঘনা, হোমনা ও তিতাসসহ কয়েকটি উপজেলার সংযোগস্থল হওয়ায় আঞ্চলিক সড়ক থেকে প্রতিনিয়ত বিপুল সংখ্যক যানবাহন মহাসড়কে ওঠানামা করে। এতে করে যানজট আরও তীব্র আকার ধারণ করছে। এছাড়া প্রায়ই সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকলের ঘটনাও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, “টোল আদায়ে ধীরগতি এবং গৌরীপুর এলাকায় সুনির্দিষ্ট বাস-বে না থাকায় মূলত যানজটের সৃষ্টি হচ্ছে। তবে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে গত মঙ্গলবার থেকেই মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদকে সামনে রেখে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনগুলোতে দাউদকান্দি অংশে যানজট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী ও স্থানীয়রা।