চাঁদাবাজির অভিযোগে কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করা হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, শাসনগাছা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন পদক্ষেপ জরুরি হয়ে পড়েছিল।

এদিকে, আটকের প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনালে পরিবহন শ্রমিকরা বিক্ষোভে করে । এক পর্যায়ে তারা বাস চলাচল বন্ধ করে দিলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকদের মতে, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনের নিরপেক্ষ প্রয়োগই এখন সময়ের দাবি।