আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর পাবলিক রিলেশনস ইউনিটের আয়োজনে আইআইইউসি ফটোগ্রাফি সোসাইটির সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী ‘অ্যাডভান্সড ফটোগ্রাফি’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। এ সময় তিনি বলেন, আধুনিক যুগে ফটোগ্রাফি তথ্যপ্রবাহ ও যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। একটি ভালো ফটোগ্রাফ কেবল দৃশ্য ধারণই করে না, বরং এর মাধ্যমে নিজের গল্প ও অনুভূতিও প্রকাশ পায়। আমি আশা করি, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও নান্দনিক দৃষ্টিভঙ্গি বিকাশে এ কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে আপনারা শুধু ক্যামেরা ব্যবহারের দক্ষতাই অর্জন করেন না, বরং ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের সক্ষমতাকেও আরও সমৃদ্ধ করবেন।
‘অ্যাডভান্সড ফটোগ্রাফি’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং অ্যাডিশনাল রেজিস্ট্রার মো. সোলায়মান মিয়া। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের ফটোগ্রাফি দক্ষতা উন্নয়ন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোস্তাক খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন খ্যাতিমান ডকুমেন্টারি ফটোগ্রাফার কাজী রিয়াসাত আলভী। তিনি অংশগ্রহণকারীদের ডকুমেন্টারি ফটোগ্রাফির নানা দিক, আধুনিক ফটোগ্রাফির কৌশল, কম্পোজিশন ও ব্যবহারিক দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালাটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আইআইইউসির ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজী নেহরিনের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আইআইইউসি ফটোগ্রাফি সোসাইটির পক্ষ থেকে প্রশিক্ষক কাজী রিয়াসাত আলভীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।