আজ ২৫ বৈশাখ, শুক্রবার । গতির কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। প্রতিবছর রবি ঠাকুরেরর জন্মবার্ষিকী ২৫ বৈশাখ উপলক্ষে জাতীয় পর্যায়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনে পালন করা হয়। এবছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকার বাংলা একাডেমিতে, কুষ্টিয়ার শিলাইদহ, নওগাঁর পতিসর, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার দক্ষিণডিহিতে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
জাতীয় পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান হবে কুষ্টিয়ার শিলাইদহে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদুর রহমান। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবির স্মৃতিধন্য খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ বারের আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’।
আজ শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিশ্বকবির সৃষ্টিকর্ম নিয়ে চারদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হবে। কর্মসূচিতে রয়েছে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত থাকবেন ।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
২য় দিনশনিবার বিকাল সাড়ে ৫টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংস্কৃতি সচিব কানিজ মওলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন ধন্যবাদ জ্ঞাপন করবেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী আয়োজনের ৩য় দিন রোববার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। স্বাগত বক্তৃতা করবেন একাডেমির মহাপরিচালক এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
সোমবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রুহুল কবীর রিজভী আহমেদ। সংস্কৃতি সচিব কানিজ মওলার সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক। এছাড়া দেশের সকল জেলা শিল্পকলা একাডেমিতে কবিগুরুর স্মরণে আলোচনা ও তার সৃষ্টিকর্ম নিয়ে নানান অনুষ্ঠানমালা পরিবেশিত হবে। সকল আয়োজন উন্মুক্ত থাকবে।
ঢাকাতে বাংলা একাডেমিতে ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা করা হয়েছে। এবার রবীন্দ্র সাহিত্যে অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ ও রবীন্দ্রসংগীত চর্চায় শিল্পী বুলবুল ইসলাম ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’-এ ভূষিত হয়েছেন। ১১ মে সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে।
আজ শুক্রবার বিকেল ৩ টায় দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, মোহাম্মদ আলি আসগার লবি এমপি, এস কে আজিজুল বারী হেলাল এমপি, আমীর এজাজ খান এমপি, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক পিপিএম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। এতে স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
অপরদিকে, রূপসার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। স্মারক বক্তা শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মো. আব্দুল মান্নান ও স্বাগত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তা। সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম। ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রবী ঠাকুরের জন্মজয়ন্তীকে স্মরণীয় করতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা।
কবির স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে জন্মজয়ন্তী পালনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিগত দিনগুলোর চেয়ে এ বছর উৎসব আয়োজনের কলেবর অনেক বেশি থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। নওগাঁ জেলার আত্রাই উপজেলায় নাগর নদীর তীরে অবস্থিত পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি পরিচালনায় স্থাপন করা হয় কাছারি বাড়ি। এটি ছিল কবির নিজস্ব জমিদারি। জমিদারি কার্যক্রম পরিচালনার জন্য ১৮৯১ সালে প্রথম পতিসরে আসেন তিনি। পতিসরে শেষবার আসেন ১৯৩৭ সালে। এর মধ্যে তিনি যখনই এসেছেন কুঠিবাড়িতে এবং নাগর নদীতে পদ্মা বোটে অবস্থানকালে বহু কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও ছিন্নপত্রের অনেক চিঠি এবং বিদায় অভিশাপ কাব্যনাট্য রচনা করেছেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী উৎসব। শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি কবিগুরুর স্মৃতিবিজড়িত স্থাপত্য, এখান থেকে তিনি তার জমিদারি পরিচালনা করতেন। সে সময়ের প্রথাগত জমিদারদের চেয়ে আলাদা রবীন্দ্রনাথ এখানে এসে সাধারণ মানুষের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছিলেন।
কবির জন্মের অনেক আগে ১৮৪০ সালে নাটোরের জমিদার রানি ভবানীর কাছ থেকে শাহজাদপুর এস্টেট কিনেছিলেন তার দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। পরবর্তীতে এই জমিদারি দেখাশোনার দায়িত্ব পেয়ে রবীন্দ্রনাথ বেশ কয়েকবার শাহজাদপুর সফর করেন। ১৯০১ সালে তার শেষ সফরে এখানে তিনি অসংখ্য অমূল্য স্মৃতি রেখে গেছেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শ্বশুরবাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহির ‘রবীন্দ্র কমপ্লেক্স’ দীর্ঘ ৩১ বছরেও পূর্ণতা পায়নি। প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এ প্রকল্পটির উন্নয়ন। ফলে রবীন্দ্র কমপ্লেক্স ও শ্বশুরবাড়ি ভবন দেখতে এসে হতাশ হয়ে ফিরতে হয় দর্শনার্থীদের। এরই মধ্যেই রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দক্ষিণডিহিতে আজ (৮ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জন্মজয়ন্তী ও লোকমেলা।
আজ (শুক্রবার) বিকেল ৩টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী আলোচনা সভা, লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন। উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি। বিশেষ অতিথি থাকবেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম অমিত এমপি, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি, খুলনা-৫ আসনের সংসদ সদস্য মো. আলি আজগার, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত।
ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রনাী সাহা বলেন, তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সকল প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন। সকলের সহযোগিতায় অনুষ্ঠান সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন হবে। এ মেলায় লোক সমাগমও প্রচুর হবে বলে তিনি আশা করেন।