বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পহেলা বৈশাখে সাধারণ মানুষের অংশগ্রহণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

রমনা বটমূল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, দোয়েল চত্বর, জাতীয় জাদুঘর, রমনা পার্ক এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানায়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে। একই সঙ্গে সবাইকে শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপনের আহ্বান জানানো হয়েছে।