চট্টগ্রাম নগরীর ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে আকবরশাহ থানা পুলিশ রয়েল পার্ক নামের হোটেলটির একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন- কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ রিপন (৪৭) এবং সোনিয়া (৩০)।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, রোববার (৩১ মে) দুপুরে ওই দম্পতি রয়েল পার্ক আবাসিক হোটেলে ওঠেন। পরদিন আজ (সোমবার, ১ জুন) সকালে তাদের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে সোনিয়াকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে রিপনের মরদেহ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

কামরুজ্জামান আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।