যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে লাশ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে নাহিদা সুলতানা বৃষ্টির লাশ বহনকারী এমিরেটসের ইকে ০২২০ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এসময় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল থোইং এ সেখানে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন। দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে ০৫৮২ ফ্লাইটে আজ শনিবার ৯ মে ২০২৬ তারিখ বাংলাদেশ সময় সকাল ০৮ টা ৪০মিনিটে তার লাশ দেশে পৌঁছাবে। যুক্তরাষ্ট্র থেকে লাশ বিমানে তোলার সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের লাশ গত ৪ মে ঢাকায় পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, নাহিদা সুলতানা বৃষ্টির লাশ শনাক্তের খবর বিগত ১ মে ২০২৬ তারিখে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করার পরপরই ওয়াশিংটন ডিসি-এর বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মৃতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশী ও সংশ্লিষ্ট পুলিশ ডিপার্টমেন্টের সমন্বয়ে সকল স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে মরহুমার লাশ প্রেরণের সর্বাত্নক প্রচেষ্টা চালিয়েছে। নিহত নাহিদার জানাযার নামায গত ৬ মে ২০২৬ বুধবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ছাত্র-ছাত্রীগণ, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশীগণ জানাযায় অংশগ্রহণ করেন।