গুজব, অপতথ্য ও ডিপফেইকের এই সময়ে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং সম্পর্কে দক্ষ হওয়া এখন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, শুধু সংবাদ সংগ্রহ নয়, তথ্য যাচাইয়ের সক্ষমতাও এখন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। প্রযুক্তিনির্ভর এই সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেয়া সম্ভব।
গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় গত সাত দিনে বিভিন্ন ব্যাচে মোট ৬০০ সদস্য অংশ নেন। কর্মশালাটি আয়োজন করে ডিআরইউ, সহযোগিতায় ছিল এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই।
সমাপনী দিনে প্রধান অতিথি শফিকুল ইসলাম খান মিল্টন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।
প্রধান অতিথির বক্তব্যে মিল্টন বলেন, তিনি সবসময় ডিআরইউর পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সময়ে সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তাকে নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করেছেন বলেও উল্লেখ করেন তিনি। তথ্য বিকৃতি ও অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, এআই-এর ব্যবহার ইতিবাচক ও নেতিবাচকÑদুইভাবেই হতে পারে। তাই সাংবাদিকদের দায়িত্ব হবে এই প্রযুক্তির সঠিক ও কল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করা। সমাজ ও মানুষের কল্যাণে এআইকে কাজে লাগাতে পারলেই সাংবাদিকতা আরও শক্তিশালী ও কার্যকর হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান সাংবাদিকতায় এআই শুধু একটি প্রযুক্তি নয়, এটি কাজের গতি, নির্ভুলতা ও বিশ্লেষণক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই সাংবাদিকদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতেই হবে। ডিআরইউ’র তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, ডিআরইউর ইতিহাসে এই প্রশিক্ষণটি অন্যতম সেরা আয়োজন হিসেবে প্রতিষ্ঠাতা সদস্যরাও স্বীকৃতি দিয়েছেন। অংশগ্রহণকারী সদস্যদের আগ্রহ ও সম্পৃক্ততার কারণেই সাত দিনের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, সদস্যদের জন্য সময়োপযোগী ও আধুনিক প্রশিক্ষণের আয়োজন অব্যাহত থাকবে।
গেমপ্লিফাইয়ের চেয়ারম্যান মশিউর রহমান ভিডিও বার্তায় বলেন, সাংবাদিকরা শুধু পেশাজীবী নন, তারা সমাজের বিশ্বাসযোগ্য তথ্যনেতা। ফেক নিউজ ও ভুয়া ভিডিওর এই সময়ে বিশ্বস্ত সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে। তাই সাংবাদিকদের প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে এবং এআই ব্যবহারে দক্ষ হতে হবে।
গেমপ্লিফাইয়ের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, এআই যুগে অপতথ্য ও ডিপফেইকের ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের এআই জানা অপরিহার্য। বিগডাটা বিশ্লেষণ, গবেষণা ও তথ্য উপস্থাপনায় এআই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম প্রমুখ।