ঈদুল আযহাকে কেন্দ্র করে নগরবাসীর কোনও ধরনের ভোগান্তি যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশের সিটি কর্পোরেশনগুলোর প্রশাসকদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। এদিন দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ঈদুল আযহা উপলক্ষে ‘ঈদ বোনাস’ হস্তান্তর করেন এবং নির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকগণ উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, বরিশালের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, ময়মনসিংহের মো. রুকুনোজ্জামান রোকন, খুলনার নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুরের মো. শওকত হোসেন সরকার, কুমিল্লার মো. ইউসুফ মোল্লা টিপু, বগুড়ার এম আর ইসলাম স্বাধীন, রংপুরের অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী (ডন) প্রমুখ।

এদিকে শুক্রবার বিকালে বাসায় আসর নামাজ পড়ে পায়ে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে যান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সারাদেশের সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রের একটি অনুষ্ঠানে। ঈদুল আযহা উপলক্ষ্যে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে দিতেই এই অনুষ্ঠান।

প্রসঙ্গত, এবছরের ঈদুল ফিতরের আগে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতার কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সময়েও মতো মেয়র-প্রশাসকদের কাছে পরিচ্ছন্নতা কর্মীদের চেক সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে তুলে দিতে পারেন প্রধানমন্ত্রী।

ত্রিশালে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তীর অনুষ্ঠান শুরু হচ্ছে আজ :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭-তম ৩-দিনব্যাপী জন্মজয়ন্তী উৎযাপন অনুষ্ঠান শুরু হচ্ছে আজ শনিবার। ময়মনসিংহের ত্রিশাল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নজরুল মঞ্চ আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, এবার ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের উদ্বোধন করবেন। জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

জানা গেছে, এবারের নজরুল জন্মজয়ন্তী উৎসবটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং অনুষ্ঠান আয়োজনে সম্পৃক্ত দপ্তরগুলো ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। প্রতিদিন ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ ও সংসদ সদস্যগণ উপস্থিত থাকবেন। এছাড়াও ঐতিহ্যবাহী নজরুল মেলা, স্মারক আলোচনা সভা ও দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এবারের নজরুল জন্মজয়ন্তী আয়োজনকে ভিন্নমাত্রা ও নান্দনিকভাবে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে এবং একই সাথে দল মত নির্বিশেষে এ অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

স্থানীয়রা মনে করেন, দীর্ঘদিন পর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহ বাসীর দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। সবকিছু ঠিক থাকলে এবার ত্রিশালে স্মরণকালে সবচেয়ে জমকালো ও উৎসবমুখর নজরুল জয়ন্তী উদযাপিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, আজ সকালে ঢাকা থেকে ত্রিশালে যাবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।