ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিষয়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার জন্য গঠিত স্বেচ্ছা তহবিলে অবদান রাখতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গত বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ২৩তম বিশেষ কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এদিকে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জেদ্দায় ২৩তম ওআইসি জরুরি পররাষ্ট্রমন্ত্রী পরিষদ সম্মেলনের সাইডলাইনে এই সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করে। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ-মালদ্বীপের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

হুমায়ুন কবির, ওআইসির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদকে অভিনন্দন জানান এবং তার মেয়াদকালে বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ওআইসি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংস্থা হিসেবে মুসলিম উম্মাহর স্বার্থ ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি, বিদায়ী মহাসচিবের অবদানের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, নতুন মহাসচিব আগের মেয়াদে অর্জিত প্রাতিষ্ঠানিক অগ্রগতিকে আরও এগিয়ে নেবেন। বক্তব্যে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের অটুট সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ একটি ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী সমাধানের পক্ষে, যা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং তা ইসরায়েলের সঙ্গে শান্তি ও নিরাপত্তার মধ্যে সহাবস্থান করবে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে হুমায়ুন কবির ওআইসি সদস্য দেশগুলোর প্রতি মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিষয়ে গাম্বিয়ার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা মামলার জন্য গঠিত স্বেচ্ছা তহবিলে অবদান রাখার আহ্বান জানান। তিনি ওআইসি সদস্য দেশগুলোকে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান। এ সময়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি (পিজিএ) হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানের নির্বাচনে সমর্থন দেওয়ার জন্য ওআইসি সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।