বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ভারত ও পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে কোনো জঙ্গী বা সন্ত্রাসীরা যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বাংলাদেশের সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশান-১ এর বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা-২০২৪ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘিœত না হয়, কোনো জঙ্গী বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে। এসময় বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দুই দেশের সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং উভয়পক্ষকে শান্ত থাকার পাশাপাশি সংযম দেখানোর অনুরোধ করছে। পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা কমবে এবং এ অঞ্চলের মানুষের জন্য শেষপর্যন্ত শান্তি আসবে।
এদিকে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে প্রবেশ করা ৬৬ ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার ভোরে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন ও পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করা হয়। মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন গোমতি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর বিজিবির একটি টহল দল তাদের আটক করে।
এদিকে তাইন্দং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ১৫ জন ভারতীয় নাগরিককে তাইন্দং বাজার থেকে আটক করে বিজিবি। আটকরা নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেন। তাদের গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করায়। খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা বলেন, জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ৬৬ ভারতীয় নাগরিককে বিজিবি আটক করে। বিজিবি বিষয়টি দেখভাল করছে। আমরা তাদের দ্রুত পুশব্যাক করার চেষ্টা করছি।