ভাষণ শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি ভারতের পরাক্রমী সেনা, সশস্ত্র বাহিনী, এজেন্সি এবং বিজ্ঞানীদের স্যালুট জানান।
গতকাল সোমবার ভারতের স্থানীয় সময় রাত ৮টায় এই ভাষণ দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি বলেন, এ বার পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে এ বার পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। তিনি বলেন, আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে মাটি- সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ‘নতুন নর্মাল’ তৈরি করেছে সেনা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না। আমাদের স্কুল-কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর, মন্দিরকে নিশানা করল পাকিস্তান। এখানেও ওরা ব্যর্থ হল। দুনিয়া দেখল কীভাবে পাকিস্তানের ড্রোন, মিশাইল ভারতের কাছে ধুলিসাৎ হল। আকাশেই নষ্ট করে দেওয়া হল। তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে, যা ওরা ভাবতেই পারেনি। এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে। খারাপভাবে হেরে যাওয়ার পরে ১০ মে পাকিস্তানী সেনা আমাদের ডিজিএমও-র দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি।
মোদি বলেন, পৃথিবীতে বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাঁধা। তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের ‘হেড কোয়ার্টার’ ভেঙে দেওয়া হয়েছে। পাকিস্তান হতাশ। ওরা নিরাশায়। এই অবস্থায় ওরা আরও একটা ভুল করেছে। ভারতের সঙ্গ দেওয়ার বদলে ভারতের উপরেই হামলা করল! তিনি আরও বলেন, যখন দেশ একজোট হয়, যখন সবার আগে দেশ আসে, তার ফল মেলে। যখন পাকিস্তানের সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দিতে ভারত হামলা চালাল, সন্ত্রাসবাদী সংগঠনই নয়, তাদের মনোবলও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অপারেশন সিঁদুরের প্রাপ্তির জন্য, তাঁদের (সেনার) পরাক্রমকে আমরা উৎসর্গ করছি দেশের সব মা, সকল মহিলাদের। স্ত্রী, বাচ্চার সামনে ধর্ম জিজ্ঞাসা করেছে নৃশংসভাবে খুন করা হয়েছে পেহেলগাঁওয়ে। আমার কাছে এটা ক্রূরতা। এই ঘটনার পরে সকলেই এক সুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছেন। জঙ্গীরা বুঝে গেছে মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী।
উল্লেখ্য যে, কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানে ভারতীয় বাহিনীর চারদিনের অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পারমাণবিক অস্ত্রধর দুই দেশের যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর প্রথমবারের মতো গতকাল সোমবার ভারতের স্থানীয় সময় রাত ৮টায় এই ভাষণ প্রদান করেন তিনি । গত ২২ এপ্রিল ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে দুই সপ্তাহ পর গত ৭ মে চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নামের এক সামরিক অভিযান শুরু করে ভারত। যদিও পেহেলগামে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। ওই দিন পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। হামলায় পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার প্রায় ১০০ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।