• ড. ইউনূসের অভিনন্দন
  • অলি আহমেদের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

গতকাল বৃহস্পতিবার রাতে এক অভিনন্দন বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।”

তিনি বলেন, “রাষ্ট্রপতি জাতীয় ঐক্যের প্রতীক। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা আশা করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখা, ইনসাফ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় তিনি সচেষ্ট থাকবেন।”

বিরোধীদলীয় নেতা আরও বলেন, “আমরা স্মরণ করি, ২০০১-২০০৬ সালের চারদলীয় জোট সরকারের সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক ও রাষ্ট্রীয় অভিজ্ঞতা দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।”

ডা. শফিকুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

ড. ইউনূসের অভিনন্দন : অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক যাত্রা পাঁচ দশকেরও বেশি সময় ধরে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটময় সময়ে নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা তাকে দেশের জাতীয় রাজনীতিতে একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, একজন শিক্ষাবিদ, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং নীতিবান ব্যক্তি হিসাবে, তিনি এই নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক অফিসের মর্যাদাকে আরও সমুন্নত রাখবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ বৃহত্তর সমৃদ্ধি, ন্যায়বিচার ও গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আমি মহামান্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করি।

ড. কর্নেল (অব.) অলি আহমেদের অভিনন্দন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি পদপ্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।

গতকাল বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় ড. কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, “আমি আশা করি, রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনতা, গণতন্ত্র এবং ইনসাফের সুরক্ষায় দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন।”

তিনি আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি পদপ্রার্থী ও এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।