ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসিরউদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রোববার (১২ সেপ্টেম্বর) তাদের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
নাসিরউদ্দীন পাটোয়ারীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে দলটি।
মেয়র প্রার্থী ঘোষণা উপলক্ষে রোববার বিকেলে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে দুই মেয়র প্রার্থীর নেতৃত্বে ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সভায় নাহিদ ইসলাম সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ এবং ওয়ার্ডভিত্তিক সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় নাগরিক সমস্যা চিহ্নিত করে সেসব ইস্যুতে জনসম্পৃক্ত আন্দোলন গড়ে তোলার নির্দেশনা দেন। একই সঙ্গে জুলাইয়ের শহিদ ও আহতদের পরিবারের পাশে থাকার বিষয়েও নেতাকর্মীদের গুরুত্ব দিতে বলেন।
এ ছাড়া ওয়ার্ড পর্যায়ে পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে সতর্ক ও কড়া নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নাসিরউদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সামনে রেখে ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি আরও জোরদার এবং ওয়ার্ড পর্যায়ে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।