একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি, আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলার সহ-সভাপতি সেলিনা ইসলামসহ দলটির পাঁচ নেতাকে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ।

গ্রেফতার বাকিরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া ওরফে হাসান, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পৌরসভার তিনবারের মেয়র এবং মতলব দক্ষিণ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন লিটন, মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার এবং শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন।

শুক্রবার রাতভর ঢাকার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাত ১টার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে সেলিনা ইসলামকে, রাত আনুমানিক ১১টার দিকে টিকাটুলি এলাকা থেকে আব্দুস সোবহান ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। রাত ১টার দিকে বুসন্ধরা আবাসিক এলাকা থেকে আওলাদ হোসেন লিটনকে, রাত সাড়ে ৩টার দিকে উত্তরা ৩নম্বর সেক্টর এলাকা থেকে নার্গিস আক্তারকে, রাত ১১টার দিকে বকশীবাজার এলাকা থেকে মাহমুদ হোসেনকে গ্রেফতার করা হয়।

ডিএমপি বলছে, গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল।

শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ ও সাবেক এমপি শামীমা গ্রেফতার : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গতকাল শনিবার বিকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কৃষকলীগ নেত্রী ও সাবেক এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে রাজধানীর ঝিগাতলা থেকে গ্রেফতার করেছে ডিবি।

আশরাফ সিদ্দিকী বিটু ২০১৭ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। পরবর্তীকালে ২০২১ সালে তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। তবে ২০২২ সালের ২১ জুলাই তার নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। চাকরি ছাড়ার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও তখন বিষয়টি প্রশাসনিক পর্যায়ে আলোচিত ছিল।

সারা দেশে গ্রেফতার আরও ২২৪১ : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২৪১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে বিভিন্ন মামলার আসামী এবং ওয়ারেন্টভুক্ত ব্যক্তির সংখ্যা ১ হাজার ১১৮ জন। এছাড়া অন্যান্য অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ১ হাজার ১২৩ জন। গতকাল শনিবার পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।